‘এসো কোরআন শিখি’ কর্মসূচি নূরে আলম মিশন স্কুলের

এসো ক্বুরআন শিখি অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ
বেড়াচাঁপা, উত্তর ২৪ পরগণা:
নূরে আলম মিশন স্কুলের উদ্যোগে ‘এসো কোরআন শিখি’ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার নতুন যাত্রা শুরু হয়েছে। এদিন মিশনের আবাসিক ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্য থেকে ১৬ জন শিক্ষার্থী কোরআন শরীফ পাঠের আনুষ্ঠানিক শিক্ষা শুরু করে। মিশন প্রাঙ্গণে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার গুরুত্ব, নিয়মিত অনুশীলন এবং নৈতিক জীবন গঠনে কোরআনের শিক্ষার ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেনঃ- “আজ ‘এসো ক্বুরআন শিখি’—এই মহৎ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নূরে আলম মিশন স্কুল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার যে সুন্দর সমন্বয় ঘটাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”


মিশনের প্রিন্সিপাল রেহেনা পারভীন বলেনঃ আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ‘এসো কোরআন শিখি’ কার্যক্রমের মাধ্যমে ৩৫ জন শিক্ষার্থী কোরআন পড়ছে। আজকে ১৬ জন শিক্ষার্থী কোরআন শরীফ শিক্ষা শুরু করেছে। ধাপে ধাপে আরও শিক্ষার্থীকে কোরআন শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন সাহেব, মিশনের চিফ অ্যাডভাইজার শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম , সভাপতি শহীদ বিশ্বাস সহ অন্যান্যরা।
মিশন কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিভাবকরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের সুন্দর চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
